আগ্নেয়াস্ত্র পাচারের আগেই পুলিশের জালে
আগ্নেয়াস্ত্র পাচার করার আগেই বড় সাফল্য হরিহরপাড়া থানার পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাবির হোসেন (৩৬), বাড়ি বহড়ান এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে সদানন্দপুর এলাকায় এক যুবক ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিষয়টি নজরে আসতেই হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি পিস্তল ও দু’ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।
প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, কাউকে বিক্রি করার উদ্দেশ্যেই রাতে একাই ওই যুবক ঘোরাঘুরি করছিল। এরপরই তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে ধৃত সাবির হোসেনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়।
এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কাদের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল— জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


