ভিনরাজ্যে ফের পরিচয়ের মৃত্যুতে রহস্য!
পুনেতে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃত শ্রমিকের পরিবারের অভিযোগের আঙুল ঠিকাদার সংস্থার মালিকের বিরুদ্ধে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম সামসাদ আলম। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনাল গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে পেটের তাগিদে প্রায় ৬ আগে কেরালায় কাজে জান সামসাদ আলম নামে ওই শ্রমিক। এরপর বিহারের পূর্ণিয়া জেলার গঙ্গাঘর এলাকার সিকান্দার আলী নামে এক ঠিকাদার ওই শ্রমিককে ৩ মাস আগে পুনেতে বিল্ডিংয়ের কাজে ডেকে নেয়। অভিযোগ ওই ঠিকাদার তিন মাস কাজ করানোর পর টাকা না দেওয়ায় ২০২৬ সালের ১ জানুয়ারিতে টাকা নিয়ে তুমুল ঝামেলা সৃষ্টি হয়। সেদিন দুপুরে পরিবারের লোকজন জানতে পারেন তাদের ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যদিও পরিবারের লোকজনের দাবি তাদের ছেলেকে খুন করে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা নাম দেওয়া হয়েছে। গোটা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন নিহত শ্রমিকের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে মৃত শ্রমিকের দেহ বাড়িতে পোঁছয়।


