মডেল স্কুলে র্যাগিংয়ের অভিযোগ সহপাঠীদের মারধরে আশঙ্কাজনক দশম শ্রেণির ছাত্র, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের বীরভূমের বোলপুর থানার অন্তর্গত কাকুটিয়া গ্রামের মডেল স্কুলে র্যাগিংয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলের দশম শ্রেণির ছাত্র শচীন মাড্ডি-কে বেধড়ক মারধর করেছে তারই সহপাঠী আকাশ হেমরম সহ আরও কয়েকজন ছাত্র। বর্তমানে শচীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই স্কুলে র্যাগিংয়ের পরিবেশ চলছিল। মূলত আকাশ হেমরম সহ কয়েকজন ছাত্র নিয়মিতভাবে সহপাঠী ও নিচু শ্রেণির ছাত্রদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। গত ২৮ জুলাই, ক্লাস চলাকালীন বেঞ্চে বসা নিয়ে শচীনের সঙ্গে আকাশের বচসা হয়। অভিযোগ, সেই রাতেই শচীনকে বেধড়ক মারধর করা হয়।ঘটনার পরও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি শচীনের পরিবারকে জানায়নি। বরং অন্যান্য অভিভাবকের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে, আজ বহু অভিভাবক স্কুলে এসে বিক্ষোভ দেখান। স্কুলের গেট ঘিরে ধরে তারা দাবি তোলেন স্কুলের প্রিন্সিপাল সুপ্রিয় সাধু সহ যেসব শিক্ষক বা কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। তাদের ক্ষোভ, স্কুল কর্তৃপক্ষ এত বড় ঘটনার পরেও নীরব থেকেছে।বর্তমানে মডেল স্কুলে সমস্ত পঠন-পাঠন বন্ধ রয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
স্কুলে র্যাগিংয়ের অভিযোগ!


