চলন্ত রাজধানী এক্সপ্রেসে পাথরবৃষ্টি, ভাঙল জানালার কাচ!

Spread the love

চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। রেল দপ্তরের তরফে দায়ের করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা। অভিযুক্ত পাঁচ কিশোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।*

রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দিল্লিগামী আপ রাজধানী এক্সপ্রেস (১২৪২৪) ধূপগুড়ি মহকুমার খলাইগ্রাম স্টেশন ছেড়ে ১০০ মিটার যাওয়ার পরই, ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন কিশোর। আচমকা পাথর ছোড়ায় ভেঙে যায় ট্রেনের একটি জানালার কাচ। সৌভাগ্যবশত, কোনও যাত্রী আহত হননি।
ধূপগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ না থাকায় ট্রেন না থেমেই বিষয়টি জানিয়ে দেওয়া হয় স্টেশনে কর্তব্যরত আরপিএফ ও জিআরপি আধিকারিকদের। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে রেল দপ্তর।
ঘটনাস্থলে পৌঁছে আরপিএফ আধিকারিকরা জানতে পারেন, পাঁচজন কিশোর স্কুল থেকে ফেরার পথে রেললাইনের ধারে খেলছিল। তাদেরই একজন খেলার ছলে ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার গুরুত্ব বুঝে অভিযুক্ত কিশোরদের শনাক্ত করে ডেকে পাঠানো হয় তাদের অভিভাবকদের। এরপর রেলের পক্ষ থেকে দায়ের করা হয় নির্দিষ্ট ধারায় মামলা।

আরপিএফ ইনস্পেক্টর বিপ্লব দত্ত জানান, “খলাইগ্রাম স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রাজধানী এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। পাঁচ কিশোরকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে একজন পাথর ছুঁড়েছিল বলে জানতে পারি। পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। কোনও যাত্রী আহত না হলেও, আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।”

এই ঘটনার পর এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। সাধারণ মানুষ ও রেল যাত্রীরা এমন ঘটনার তীব্র নিন্দা করে রেলপথের নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন। রেল দপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য নজরদারি আরও বাড়ানো হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *