ছিনতাইয়ের উদ্দেশ্য বানচাল পুলিশের
ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতিকে গ্রেফতার করল পুরুলিয়ার মানবাজার থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত্রি নাগাদ মানবাজার পায়রাচালী রোডে কাড়াধরা গ্রামের কাছে বলরামপুর থেকে আসা একটি গরুর পালকে জোর করে নিয়ে পালানোর চেষ্টা করে ওই অভিযুক্তেরা। লোকজনের চিৎকার শুনে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় । গ্রামবাসীরা তাড়া করে ছিনতাইকারীদের মধ্যে তিনজনকে ধরে ফেলে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এরপর ওই অভিযুক্তদের জিজ্ঞেসাবাদ করে পরে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আনোয়ার শেখ, মহম্মদ আলম, সুদীপ বাউরী, অঙ্কিত বাউরী। এদের সবার বাড়ি মানবাজার থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, একটি ম্যাগাজিন, নগদ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি বাইক উদ্ধার করেছে পুলিশ।


