সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদের আয়োজিত হল জেলা পরিষদের সাধারন সভা। আর এবার জেলা পরিষদের সাধারন সভায় ডাক পেলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। জেলাপরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সাংসদ আবু তাহের খান, জেলাশাসক রাজর্ষি মিত্র সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যরা। প্রতি তিনমাস অন্তর এই সাধারন সভা হওয়ার কথা থাকলেও ৬মাস পরে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের সদস্যরা। এছাড়াও জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজ হওয়ার কথা থাকলেও রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সরবরাহ, নিকাশি নালা,জলাভূমি সংস্কার সহ একাধিক কাজে গাফিলতির অভিযোগ তুলে ধরেন বিরোধী সদস্যরা। জেলা পরিষদের সাধারন সভায় প্রথম ডাক পেয়ে বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র বলেন, সভায় বলতে দেওয়ার সুযোগ না হলেও জোরপূর্বক তিনি একাধিক অভিযোগ তুলে ধরেছেন। জেলাবাসীর সুবিধার্থে রবীন্দ্রনাথ টেগোর ডায়গনস্টিক সেন্টার ও এম সি ই টি কলেজ পুনরায় চালু করার নাহলে সরকারের হাতে হস্তান্তর করার দাবি জানান তিনি। তবে কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছিল কোনো উন্নয়ন মূলক কাজ না হওয়ায় চলতি অর্থবর্ষে জেলা পরিষদের তহবিল থেকে ২৩৭কোটি টাকা ফেরত পাঠানো হয়েছে। যেটা সম্পূর্ন ভিত্তিহীন বলেই জানান সাংসদ, সভাধিপতি ও জেলাশাসক। সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, রবীন্দ্রনাথ টেগোর ডায়গনস্টিক সেন্টারের নার্সিংহোম কর্তৃপক্ষের প্রায় আড়াই কোটি টাকা বকেয়া রয়েছে জেলা পরিষদের কাছে। নার্শিংহোম পরিচালনায় অসংগতি ছিল। আইনী জটিলতা কারনে টেন্ডার করা হয়নি। আইনী জটিলতা মিটলেই দ্রুত কাজ শুরু হবে।


