অন্নই জীবন, অন্নই শক্তি—আর সেই অন্নের দেবী অন্নপূর্ণা দেবী-র আরাধনায় বৃহস্পতিবার যেন ভেসে গেল টলিপাড়া। পুরাণ মতে চৈত্র নবরাত্রি-র শুভ তিথিতেই কাশীতে আবির্ভাব ঘটে দেবীর। সেই বিশ্বাসকে সামনে রেখেই এবছর দু’দিন ধরে পালিত হচ্ছে অন্নপূর্ণা পুজো, আর লক্ষ্মীবারে তার ছোঁয়া পড়ল তারকাদের অন্দরমহলেও।
নিজেদের পারিবারিক ঐতিহ্য মেনে অন্নদাত্রীর পুজোয় সামিল হলেন টলিউডের দুই জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভক্তি, আচার আর আবেগ—সব মিলিয়ে তাঁদের বাড়ির পুজো যেন এক অনন্য আবহ তৈরি করেছে।
শুভশ্রীর বাড়িতে ছিল জমজমাট আয়োজন। ফুলে সাজানো পুজোর মণ্ডপে মাথায় ঘোমটা টেনে, নিখুঁত রীতি মেনে দেবীর আরাধনায় মগ্ন অভিনেত্রী। পাশে সবসময়ই সঙ্গী স্বামী রাজ চক্রবর্তী। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে গৃহিণী শুভশ্রীর সেই ভক্তিময় মুহূর্ত। ধর্মীয় আচার পালনে এই তারকাদম্পতির আন্তরিকতা বরাবরই নজর কেড়েছে—অন্নপূর্ণা পুজোতেও তার ব্যতিক্রম হল না।
অন্যদিকে ভবানীপুরের ঐতিহ্যবাহী মল্লিক বাড়িতে অন্নপূর্ণা পুজো মানেই উৎসবের আবহ। পৈতৃক ভিটেয় পরিবারের সঙ্গে অন্নদাত্রীর বন্দনায় মেতে উঠলেন কোয়েল। কমলা শাড়িতে স্নিগ্ধ রূপে কখনও অতিথি আপ্যায়ণ, কখনও বা পুরোহিতের সঙ্গে আচার নিয়ে আলোচনা—সবেতেই সমানভাবে ব্যস্ত অভিনেত্রী। ঠাকুরদালানের আধ্যাত্মিক পরিবেশ যেন ছড়িয়ে পড়েছে তাঁর শেয়ার করা প্রতিটি ছবিতে।
“সন্তান যেন থাকে দুধে-ভাতে”—এই প্রার্থনাই অন্নপূর্ণা পুজোর মূল সুর। আর সেই প্রার্থনাকে হৃদয়ে ধারণ করেই টলিপাড়ার এই দুই অভিনেত্রী ভক্তিভরে মেতে উঠলেন দেবী আরাধনায়। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তাঁদের এই পুজো যেন আরও একবার মনে করিয়ে দিল—শিকড় কখনও ভোলে না।


