দোকানে আগুন
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর-এর কাদিঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত হল একটি মুদিখানা ও চায়ের দোকান। ঘটনাটি ঘটেছে কাদিঘাট পলিটেকনিক কলেজ-এর পাশ্ববর্তী এলাকায়। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, কাদিঘাট পলিটেকনিক কলেজের পাশে নিজের বাড়ির সামনেই একটি মুদিখানা দোকান চালাতেন নিমাই সন্ন্যাসী। মুদিখানার সামগ্রীর পাশাপাশি সেখানে চা বিক্রি করতেন তিনি। এই দোকানের উপর নির্ভর করেই তাঁর সংসার চলত।
প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। গভীর রাতে হঠাৎ দোকানে আগুন লাগে। স্থানীয় কয়েকজন আগুন দেখতে পেয়ে দোকান মালিককে ডাকাডাকি করেন। বাইরে এসে তিনি দেখেন, দাউদাউ করে জ্বলছে তাঁর দোকান। আগুনের তাপে দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
খবর পেয়ে প্রতিবেশীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকল ও গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দোকানের প্রায় সমস্ত মালপত্র পুড়ে যায় বলে জানিয়েছেন নিমাই সন্ন্যাসী। তাঁর দাবি, এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সম্পূর্ণভাবে দোকানের উপর নির্ভরশীল হওয়ায় বর্তমানে তিনি চরম সমস্যার মুখে পড়েছেন। স্থানীয় প্রশাসনের কাছে পাশে থাকার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক।


