পাঁচ দশক পর আবার ইতিহাসের সাক্ষী রইল বিশ্ব। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার নভশ্চরকে নিয়ে চাঁদের পথে রওনা দিল নতুন মানববাহী মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে শুরু হল এই ঐতিহাসিক অভিযান।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিশাল কমলা-সাদা রঙের মহাকাশযানটি আকাশে উড়াল দেয়। এর ভিতরে রয়েছেন চার জন নভশ্চর— রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। তাদের এই যাত্রা শুধু একটি অভিযান নয়, বরং ভবিষ্যতের চন্দ্র অভিযানের গুরুত্বপূর্ণ প্রস্তুতি।
প্রায় দশ দিনের এই অভিযানে মহাকাশযানটি চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। ঘণ্টায় প্রায় ৯৬০০ কিলোমিটার গতিতে মহাশূন্যে চলতে চলতে নভশ্চররা নতুন প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করবেন। তবে এই অভিযানে চাঁদের মাটিতে অবতরণ করা হবে না।
অভিযান শেষ হলে মহাকাশযানের ক্যাপসুল পৃথিবীতে ফিরে এসে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে।
এই অভিযান সফল হলে আগামী দিনে মানুষকে চাঁদের মাটিতে নামানোর আরও বড় পরিকল্পনার পথে এগোবে মহাকাশ গবেষণা সংস্থা। ফলে মানবসভ্যতার চন্দ্র অভিযানের ইতিহাসে এটি এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিজ্ঞানীরা।


