রানিনগরে নিহত শিক্ষকের পরিবারের পাশে দাঁড়ালেন মহম্মদ সেলিম। শুক্রবার রানিনগর থানার মালিপাড়া এলাকায় নিহত শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের বাড়ি এসে উনার স্ত্রী সহ পরিবারের সকলের সঙ্গে কথা বলে সমবেদনা জানান সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর জেলা সম্পাদক জামির মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।সর্বতোভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ম্যানেজিং কমিটির চাপে প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের আত্মহত্যার অভিযোগে শাসকদলকেই কাঠগড়ায় দাঁড় করালেন মহম্মদ সেলিম। তিনি বলেন, গোটা শিক্ষা ব্যবস্থা দুর্নীতিতে ভরে গিয়েছে। আর দুর্নীতি বরদাস্ত না করায় স্কুল ম্যানেজিং কমিটি পরিকল্পিতভাবে উজ্জ্বলবাবুকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুল ম্যানেজিং কমিটির একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তদন্ত করে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।
রানিনগরে নিহত শিক্ষকের পরিবারের পাশে সেলিম


