দু’মাস বাকি, তবু অন্ধকারে বিশ্বকাপ! ভারতে দেখা যাবে তো ফুটবলের মহাযজ্ঞ?

Spread the love

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র দু’মাস বাকি। সূচি প্রকাশ হয়ে গেছে অনেক আগেই। কিন্তু এত বড় প্রতিযোগিতা ঘিরে ভারতে তৈরি হয়েছে অদ্ভুত ধোঁয়াশা—এখনও পর্যন্ত ঠিক হয়নি, কোন মাধ্যমে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন।
এই অনিশ্চয়তার মূল কারণ সম্প্রচার স্বত্ব বিক্রি না হওয়া। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা প্রথমে ভারতীয় বাজারের জন্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার দাম ধার্য করেছিল। সেই বিপুল অর্থে আগ্রহ দেখায়নি কোনও সংস্থা। পরে দাম অনেকটাই কমিয়ে প্রায় ৩৫ মিলিয়ন ডলারে নামানো হলেও পরিস্থিতি বদলায়নি।
কেন এমন অবস্থা? এর পেছনে রয়েছে একাধিক কারণ।
প্রথমত, এবারের বিশ্বকাপের আসর বসছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। ফলে বেশিরভাগ ম্যাচই ভারতীয় সময় গভীর রাতে অনুষ্ঠিত হবে। রাত পেরিয়ে ভোর পর্যন্ত খেলা চললে দর্শকসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আর দর্শক কম মানেই বিজ্ঞাপন আয় কম—এই হিসেবেই পিছিয়ে আসছে সম্প্রচার মাধ্যমগুলো।
দ্বিতীয়ত, ভারতে ক্রিকেটের বিপুল প্রভাব। অধিকাংশ বড় সংস্থা ইতিমধ্যেই ক্রিকেটের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। ফলে ফুটবলের জন্য নতুন করে বড় অঙ্কের টাকা খরচ করতে চাইছে না তারা।
যদিও একটি সংস্থা প্রায় ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু তা ফিফা-র প্রত্যাশার তুলনায় অনেক কম। উল্লেখযোগ্যভাবে, ফিফা বিশ্বকাপ ২০২২-এর সময় ভারতে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল প্রায় ৬২ মিলিয়ন ডলারে।
সব মিলিয়ে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে অনিশ্চয়তা। ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—শেষ মুহূর্তে কি সমাধান হবে, নাকি এবারের বিশ্বকাপ দেখতে না পাওয়ার হতাশাই সঙ্গী হবে?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *