১৪ ই মার্চ বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনে। ১৪ই মার্চের পরিবর্তে বিশ্বভারতী ১১ই মার্চ আয়োজন করবে বসন্ত উৎসব। তবে এই উৎসবে শুধুমাত্র বিশ্বভারতীর শিক্ষক এবং পড়ুয়া রায় অংশগ্রহণ করতে পারবে। বহিরাগত প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দোল উপলক্ষে বিশ্বভারতীতে পর্যটকরা প্রতি বছর ভিড় করেন। সেই কারণেই আগেই ক্যাম্পাসের মধ্যে বসন্ত উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।। কারণ দোলের দিন পর্যটকদের ভিড়ে কোনভাবেই যাতে বিশ্বভারতীর ঐতিহ্য নষ্ট না হয়। শুক্রবার বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, বিভিন্ন ভবনের অধ্যক্ষ, নিরাপত্তা আধিকারিক সহ অন্যান্য সদস্যরা।
বসন্ত উৎসব ২০১৯ সালে শেষবারের মতো আশ্রম মাঠে হয়েছিল। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় এই উৎসব। তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ২০২১ সালে বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন।
শুক্রবার বৈঠক শেষে জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেছেন, “শান্তিনিকেতন এখন ইউনেসকোর তকমা পাওয়া বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র। তাই হেরিটেজ রক্ষা করতে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ১১ ই মার্চ বিশ্বভারতী নিজেদের মধ্যেই এই উৎসব পালন করবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


