৬ বন্ধু সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর। শনিবার দুপুরে ধূপগুড়ি কলেজপাড়া ১ নম্বর ওয়ার্ডের এলাকার গিলান্ডি নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ১৫ বছরের কিশোর রোহিত রায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে খবর, রোহিত রায় তার আরও ছয় বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ জলের পাকে পড়ে যায় রোহিত। বন্ধুরা প্রাণপণ চেষ্টা করলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
সেই সময় নদীর পাড়ে পাঠ ধোয়ার কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা লঙ্কেশ্বর রায়। তিনিই প্রথম রোহিতকে জলে তলিয়ে যেতে দেখেন এবং চিৎকার করে গ্রামবাসীদের খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রামবাসীরা ছুটে এসে নদীর তীরে ভিড় জমায়। তবে বহু চেষ্টার পরও রোহিতকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা, ধূপগুড়ি থানার আইসি আনন্দ ভট্টাচার্য, দমকল কর্মীরা ও বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই নদীতে শুরু কের তল্লাশি অভিযান। বিপর্যয় মোকাবিলা দল কিশোরের দেহ উদ্ধার করেছে।


