দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারিভাবে নিয়োগ করা অস্থায়ী কর্মীদের অভিযোগ তারা এখনো আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন পাননি। পাশাপাশি পুজোর বোনাসও মেলেনি তাদের। বেতন না পাওয়ার প্রতিবাদে কিছুদিন আগে তারা এক দফা বিক্ষোভ করেছিলেন। কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় বুধবার দুপুরে ফের বিক্ষোভে সামিল হন কর্মীরা।
অভিযোগ, নিয়োগকারী কোম্পানি কর্মীদের জানিয়েছে যে স্বাস্থ্য ভবন থেকে এখনও পাওনা টাকা আসেনি, তাই তারা কর্মীদের বেতন দিতে পারছেন না। তবে অস্থায়ী কর্মীদের দাবি—তারা স্বাস্থ্য ভবনের সঙ্গে নয়, কোম্পানির সঙ্গেই চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন, তাই কোম্পানিকেই তাদের পাওনা মেটাতে হবে। এই দাবি নিয়ে এদিন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনেই বিক্ষোভে বসেন কর্মীরা।


