২০২৬-এর বিধানসভা ভোটে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই রাজনৈতিক লড়াই ক্রমেই উত্তপ্ত হচ্ছে। কে কোথা থেকে প্রার্থী হবেন, বিশেষ করে বিরোধী শিবিরে—এ নিয়ে এখনই বাকযুদ্ধ তুঙ্গে। আর সেই লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দুতে দুই সাংসদ—তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার।
সম্প্রতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছিলেন—অভিষেক নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চান এবং উপমুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামছেন। তাঁর সেই মন্তব্যের জবাব সোমবার দিয়ে দিলেন অভিষেক।
মহেশতলা থেকে ‘সেবাশ্রয়-২’ পরিষেবার উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন—“দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াব, চাইলে দার্জিলিংয়ে দাঁড়াব। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দলের অনুগত সৈনিক।”
২০১৪ সাল থেকে টানা তিনবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রেই তাঁর জনপ্রিয়তা এবং ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেল নিয়ে আলোচনার ঝড় উঠেছে বহুবার।
তবে অভিষেকের মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার। তাঁর একহাত মন্তব্য—“অভিষেকের কথায় ভরসা করার মতো যুক্তি আছে? অপেক্ষা করি, তারপর দেখা যাবে।”
ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দুই নেতার এই তিক্ত বাকযুদ্ধ যে আগামী দিনে আরও বেড়ে রাজনীতিকে উত্তপ্ত করবে, তা বলাই যায়।


