অসমের ইতিহাস ও বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্রবিন্দু বাটদ্রবা থান নতুন রূপে আত্মপ্রকাশ করল। প্রায় ২২৭ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত শ্রীমন্ত শঙ্করদেবের জন্মভূমি সোমবার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগাঁও জেলার বর্ডোয়া গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক তীর্থক্ষেত্রকে ঘিরে এখন ব্যাপক সাংস্কৃতিক ও পর্যটন সম্ভাবনার দরজা খুলে গেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মার্ঘেরিটা সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক শীর্ষ নেতা। ঐতিহ্যবাহী গায়ন-বায়ন ও সত্রিয়া সংস্কৃতির আবহে স্বাগত জানানো হয় অমিত শাহকে। তিনি গুরু আসন দর্শন করেন এবং পুনর্গঠিত পরিকাঠামো পরিদর্শন করেন।
নতুন করে গড়ে তোলা এই কমপ্লেক্সের নাম রাখা হয়েছে ‘মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব অভির্ভাব ক্ষেত্র’। এখানে শঙ্করদেবের জীবন, দর্শন ও অসমীয়া সমাজে তাঁর প্রভাব তুলে ধরতে আধুনিক গ্যালারি, সাংস্কৃতিক প্রদর্শনী কেন্দ্র, সভামঞ্চ ও দর্শনার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা গড়ে তোলা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য, এই স্থানকে আন্তর্জাতিক মানের একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পর্যটন কেন্দ্রে পরিণত করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শ আজও সমাজকে ঐক্য, সহনশীলতা ও মানবিকতার পথ দেখায়। তাঁর ভাবধারা শুধু অসম নয়, গোটা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ।
পঞ্চদশ শতাব্দীর এই মহান সাধক, দার্শনিক ও সমাজ সংস্কারকের জন্মভূমি বাটদ্রবা থান দীর্ঘদিন ধরেই অসমের ধর্মীয় মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এবার সরকারি উদ্যোগে আধুনিক রূপ পেয়ে সেই ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে আরও শক্তভাবে তুলে ধরার পথে এক বড় পদক্ষেপ নিল অসম সরকার।


