খালেদা জিয়ার নামে কোনও ঋণ থেকে থাকলে তা নিজে শোধ করবেন—এই বার্তা দিলেন তাঁর বড় ছেলে তারেক রহমান। একইসঙ্গে তিনি বলেন, “আমার বা আমার পরিবারের কোনও কথায় কেউ আঘাত পেয়ে থাকলে, আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
বুধবার দুপুরে ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। ঠিক দুপুর ৩টে ৩ মিনিটে জানাজা শুরু হয়ে শেষ হয় ৩টে ৫ মিনিটে। জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় আবেগঘন কণ্ঠে মায়ের কথা স্মরণ করেন তারেক রহমান।
তিনি বলেন, খালেদা জিয়া আজীবন দেশের মানুষের জন্য লড়াই করেছেন। ব্যক্তিগত স্বার্থ নয়, গণতন্ত্র ও মানুষের অধিকারই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তারেকের কথায়, মায়ের জীবনে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল দেশের স্বার্থে, আর সেই পথচলায় যদি কোনও ভুল বোঝাবুঝি বা কষ্ট তৈরি হয়ে থাকে, তবে তিনি তার দায় নিতে প্রস্তুত।
তারেক রহমান আরও স্পষ্ট করেন, খালেদা জিয়ার নামে যদি কোনও আর্থিক দায় বা ঋণ থেকে থাকে, তা পরিবার হিসেবে তাঁরা শোধ করবেন। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে সৌহার্দ্য, ক্ষমা ও সম্মিলনের বার্তা। জানাজাস্থলে উপস্থিত হাজার হাজার মানুষের নীরবতা আর আবেগে সেই মুহূর্ত হয়ে ওঠে আরও ভারী ও স্মরণীয়।
খালেদার ঋণ থাকলে শোধ করবেন তারেক, জানাজার আগে ক্ষমা চেয়ে আবেগঘন বার্তা


