রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক দীর্ঘ বার্তায় বিজেপিকে ‘অমানবিক, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ বলে আক্রমণ করেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে দাবি করেন, বিজেপি বাংলার শান্তি ও সম্প্রীতি নষ্ট করছে এবং সাধারণ মানুষের মৌলিক ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছে। মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় বিজেপির পরাজয় নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি।
বিজেপির দুর্নীতি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, যারা নিজেরাই দুর্নীতিতে ডুবে আছে, তারাই আবার সততা ও গণতন্ত্রের কথা বলছে। সংবিধান অবমাননা, বাংলার মনীষীদের অপমান এবং সাধারণ মানুষের প্রতি অবহেলার অভিযোগও তোলেন তিনি। বিশেষ করে SIR-এর নামে বয়স্ক মানুষদের হয়রানির প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন মমতা।
পোস্টে তিনি আরও লেখেন, বিজেপি বিভেদের রাজনীতি করে বাংলাকে দখল করতে চাইছে, কিন্তু বাংলার মাটি ও মানুষের সঙ্গে তাদের কোনও সংযোগ নেই। ইডি দিয়ে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা হলেও গণতান্ত্রিক পথেই সেই চক্রান্ত রুখে দেওয়া হবে বলে জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা-মাটি-মানুষের আশীর্বাদই তাঁর সবচেয়ে বড় শক্তি। যাঁরা শোষিত, লাঞ্ছিত ও অবহেলিত হয়েছেন, তাঁদের প্রত্যেকের হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। পোস্টের শেষে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন—লড়াই যেন জারি থাকে। ‘জয় বাংলা’ স্লোগানে তাঁর বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী।


