ডিসেম্বরের শুরুতেই দেশের আকাশপথ কার্যত অচল হয়ে পড়েছিল। টানা তিন দিন ধরে ইন্ডিগোর উড়ান বাতিল ও সময়সূচি বদলের জেরে চরম ভোগান্তিতে পড়েন লক্ষ লক্ষ যাত্রী। সেই ঘটনাকেই গুরুতর পরিষেবা ব্যর্থতা হিসেবে ধরে এবার কড়া শাস্তির পথে হাঁটল কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগোর মোট ২,৫০৭টি উড়ান বাতিল করা হয়। পাশাপাশি ১,৮৫২টি উড়ানের সময়সূচি শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়। এর ফলে দেশের বিভিন্ন বিমানবন্দরে তিন লক্ষেরও বেশি যাত্রী আটকে পড়েন। বহু যাত্রী রাত কাটাতে বাধ্য হন টার্মিনালেই।
যাত্রী পরিষেবা, আগাম পরিকল্পনা ও সংকট মোকাবিলায় চরম ব্যর্থতার অভিযোগে ইন্ডিগোর উপর ২২.২ কোটি টাকার জরিমানা চাপিয়েছে কেন্দ্র। শুধু আর্থিক জরিমানাতেই থামেনি প্রশাসন—সংস্থার শীর্ষস্তরের এক কর্তার অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
মন্ত্রকের বক্তব্য, বিপর্যয়ের সময় যাত্রীদের পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। বিকল্প উড়ান, থাকা-খাওয়ার ব্যবস্থা কিংবা দ্রুত অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও গাফিলতি ছিল স্পষ্ট। এর ফলে যাত্রীদের ক্ষোভ আরও বেড়েছে।
কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে কোনও বিমান সংস্থা যাত্রী স্বার্থকে অবহেলা করলে শুধু জরিমানাই নয়, প্রশাসনিক স্তরেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইন্ডিগোর এই শাস্তি দেশের বিমান পরিবহণ ক্ষেত্রের জন্য একটি বড় সতর্কবার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


