কেরালা আবারও বুঝিয়ে দিল, সামাজিক উন্নয়নের কেন্দ্রে তারা কেন বারবার শিক্ষাকেই অগ্রাধিকার দেয়। ২০২৬ সালের রাজ্য বাজেটে এক যুগান্তকারী ঘোষণা— সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে আর্টস ও সায়েন্স শাখায় স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। দ্বাদশ শ্রেণি পেরোনোর পর উচ্চশিক্ষার খরচ বহু পরিবারের কাছে যে বড় বাধা হয়ে দাঁড়ায়, সেই দেওয়াল ভাঙতেই এই সিদ্ধান্ত।
রাজ্য সরকারের বক্তব্য, শুধু স্কুলশিক্ষা নয়, উচ্চশিক্ষাকেও সামাজিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করাই এই নীতির লক্ষ্য। ফলে কলেজে ভর্তি হলেও আর টিউশন ফি দিতে হবে না পড়ুয়াদের। শিক্ষাবিদদের একাংশের মতে, এই সিদ্ধান্তের ফলে কেরালায় কলেজে ভর্তি হার যেমন বাড়বে, তেমনই কর্মসংস্থানের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।
বাজেটে শুধু ফি মকুবেই থেমে থাকেনি সরকার। বিশ্ববিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন, গবেষণার জন্য অতিরিক্ত বরাদ্দ, ফেলোশিপ ও স্কলারশিপ বৃদ্ধি— সব মিলিয়ে উচ্চশিক্ষাকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানোর রূপরেখা স্পষ্ট। পাশাপাশি ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও কল্যাণমূলক প্রকল্পেও জোর দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, কেরালার এই সিদ্ধান্ত শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দেশের অন্যান্য রাজ্যের কাছেও এটি হতে পারে একটি নতুন মডেল, যেখানে শিক্ষা আর বিলাস নয়, বরং অধিকার।
কেরালার বাজেট ২০২৬: স্নাতক পর্যন্ত পড়াশোনা পুরোপুরি ফ্রি, শিক্ষায় নতুন দিশা রাজ্যের


