নতুন সাজে শহরের গণপরিবহণ, পুজোর আগে কলকাতায় নামছে ২০০টি এসি সিএনজি বাস

Spread the love

পুজোর মরসুমে কলকাতাবাসীর জন্য আসছে পরিবহণে নতুন ছোঁয়া। শহরের রাস্তায় এবার দেখা মিলবে একেবারে নতুন ২০০টি এসি সিএনজি বাসের। পরিবেশবান্ধব এবং আধুনিক এই বাসগুলি চালুর মাধ্যমে রাজ্য পরিবহণ দফতর শহরের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় রদবদলের পথে হাঁটছে।

পরিবহণ দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, পূজোর আগেই এই বাসগুলি রাস্তায় নামবে। বেছে নেওয়া হয়েছে এমন কিছু রুট, যেখানে প্রতিদিন প্রচুর যাত্রী চলাচল করেন এবং যাত্রীসেবার মান উন্নয়নের দরকার দীর্ঘদিন ধরেই অনুভূত হয়েছে। সম্ভাব্য রুটের তালিকায় রয়েছে উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট, শাপুরজি এবং যাদবপুর পর্যন্ত রাস্তাঘাট, পাশাপাশি ধর্মতলা থেকে দমদম, বেলগাছিয়া থেকে সায়েন্স সিটির মতো গুরুত্বপূর্ণ পথও।

শুধু বাসই নয়, বাস চলাচলের সুবিধার্থে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি হচ্ছে নতুন সিএনজি স্টেশন। উল্টোডাঙা, টালিগঞ্জ ও নীলগঞ্জ-সহ বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে অন্তত পাঁচটি নতুন ফুয়েল স্টেশন চালু করার লক্ষ্যে এগোচ্ছে সরকার।

বর্তমানে শহরের এসি বাস পরিষেবার মান নিয়ে বহু অভিযোগ রয়েছে। কিছু বাস জরাজীর্ণ, কিছু আবার নিয়মিত পরিষেবা দিতে ব্যর্থ। নতুন এই সিএনজি বাসগুলি সেই অভাব কিছুটা হলেও মেটাবে বলে আশা করছেন প্রশাসনিক আধিকারিকরা। যাত্রীদের আরামদায়ক সফর নিশ্চিত করার পাশাপাশি দূষণ কমাতেও এই বাসগুলি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

শহরের পরিবহণ ব্যবস্থায় এই পরিবর্তন এক নতুন যুগের সূচনা করবে বলেই মনে করছেন পরিবহণ বিশেষজ্ঞরা। পুজোর ক’দিন আগেই যদি রাস্তায় এই বাসগুলি দেখা যায়, তা হলে উৎসবের মরসুমে শহরবাসীর যাতায়াত হবে অনেক বেশি স্বস্তিদায়ক ও পরিবেশবান্ধব।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *