আবারও বাড়ানো হল দুর্গাপুজোর অনুদান। এ বছর রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত বছর যেখানে অনুদান ছিল ৮৫ হাজার টাকা, এ বছর তা আরও ২৫ হাজার টাকা বেড়ে গেল। মুখ্যমন্ত্রী জানান, এবার পুজোয় বিদ্যুৎ বিলেও থাকবে ৮০ শতাংশ ছাড়। সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে সে নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে।
আগামী ২, ৩ ও ৪ অক্টোবর হবে প্রতিমা বিসর্জন এবং ৫ অক্টোবর আয়োজন করা হবে পুজো কার্নিভালের। পুজোর সময় মণ্ডপে থাকবে নজরদারি, ড্রোন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের ব্যবস্থার পাশাপাশি মহিলা ও প্রবীণদের জন্য বিশেষ নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যানজট এড়াতে আলাদা পথ, পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং পর্যাপ্ত আলো, অ্যাম্বুল্যান্স, পুলিশ, পরিবহণ ও ট্রেন পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিরোধীদের দাবি, সামনে নির্বাচন, তাই অনুদানের অঙ্ক বাড়ানো হয়েছে। তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলেই মনে করছে। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা শূন্যপদ পূরণ না করে শুধুই ভোটের জন্য পুজো কমিটিকে টাকা দিচ্ছেন। পাল্টা শাসকদলের যুক্তি, পুজো বাংলা সংস্কৃতির গর্ব এবং এই অনুদান রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার একটি প্রয়াস। পুজো কমিটিগুলিও মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি, কারণ বর্তমান বাজারে খরচ এতটাই বেড়েছে যে এই সাহায্য না পেলে পূজার আয়োজন কঠিন হয়ে যেত।


