১০ আগস্ট উদ্বোধন, ১১ আগস্ট থেকে যাত্রীদের জন্য শিয়ালদহ-রানাঘাটে প্রথম এসি লোকাল ট্রেন

Spread the love

পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু হচ্ছে এসি লোকাল ট্রেন, যা চলবে শিয়ালদহ-রানাঘাট শাখায়। আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১০ আগস্ট, সোমবার, আর ১১ আগস্ট থেকে সাধারণ যাত্রীরা এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। নতুন এই পরিষেবা ঘিরে রেলের কর্মী-আধিকারিক থেকে শুরু করে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।

এই এসি লোকাল রাখা হয়েছে রানাঘাট লোকোশেডে। প্রথম পর্যায়ে দুটি এসি লোকাল আসলেও আপাতত একটি ট্রেন চালানো হবে। পরবর্তী সময়ে পরিস্থিতি বুঝে সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্রেনটি সোম থেকে শনি — সপ্তাহে ছ’দিন চলবে। মোট ১২টি কামরার প্রতিটিতে থাকবে ৩০ টন ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনিং সিস্টেম, সিসিটিভি ক্যামেরা এবং টক-ব্যাক সিস্টেম, যাতে যাত্রীরা সমস্যায় পড়লে সরাসরি চালক বা গার্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিরাপত্তার জন্য প্রতিটি কামরায় থাকবেন টিকিট পরীক্ষক ও আরপিএফ জওয়ান।

বিনা টিকিটে কেউ এই ট্রেনে উঠতে পারবেন না। যাত্রাপথে ধরা পড়লে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা।
সময়সূচি অনুযায়ী:

রানাঘাট থেকে ছাড়বে: সকাল ৮:৩২ মিনিট, শিয়ালদহ পৌঁছবে ১০:১০ মিনিটে।

শিয়ালদহ থেকে ছাড়বে: সন্ধ্যা ৬:৫০ মিনিট, রানাঘাট পৌঁছবে রাত ৮:৩২ মিনিটে।

গ্যালোপিন সার্ভিস হিসেবে চলা এই ট্রেন মাঝপথে থামবে চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে।

রেলের ডিভিশনাল পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রীসুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নতুন এই ট্রেন পূর্ব ভারতের রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *