দলীয় কর্মশালার মঞ্চে অদ্ভুত এক দৃশ্য। সামনে নয়, পিছনের সারিতেই জায়গা নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে বিজেপির সাংসদদের জন্য আয়োজিত দু’দিনের বিশেষ বৈঠকে রবিবার ধরা পড়ল এই মুহূর্ত। সাধারণত যেখানেই যান, ভিভিআইপি চেয়ার বরাদ্দ থাকে তাঁর জন্য। অথচ এদিন সেই আসন ফাঁকা রেখেই গিয়ে বসেন একেবারে শেষ সারিতে।
উত্তরপ্রদেশের সাংসদ রবি কিষাণ সেই ছবি শেয়ার করে লিখলেন, “সাংসদ কর্মশালায় একেবারে শেষ সারিতে বসে আছেন প্রধানমন্ত্রী। এটাই বিজেপির পরিচয়—এখানে সবাই কর্মী।” মুহূর্তে ভাইরাল হয় পোস্ট। তবে প্রতিক্রিয়া মিশ্র। কেউ মোদির বিনয়কে সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার প্রশ্ন তুলেছেন—“এতদিনে হঠাৎ কেন এই সরলতার প্রদর্শন?”
রবিবারের কর্মশালায় সাংসদদের সঙ্গে শীর্ষ নেতৃত্ব আইন প্রণয়ন, শাসন কৌশল ও বিরোধী রণনীতি নিয়ে আলোচনা করেন। তবে মূল ফোকাস ছিল আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন। মঙ্গলবার ভোট। এনডিএর তরফে প্রার্থী প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। তাঁর মোকাবিলায় বিরোধী ইন্ডিয়া জোট নামিয়েছে প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। ইতিমধ্যেই তাঁকে সমর্থনের ঘোষণা করেছে একাধিক বিরোধী দল, যার মধ্যে আছেন আসাদউদ্দিন ওয়েইসিও।
এই ভোটের আগে মোদির ‘শেষ সারি বসা’ নিয়ে যে রাজনৈতিক বার্তা ছড়িয়ে পড়ল, তা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে।


