বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ ফের এক বার আলোচনায়। তবে এই বার সিনেমা নয়, ব্যক্তিগত বন্ধুত্ব ও আবেগই তুলে আনল তাঁকে শিরোনামে। দক্ষিণী অভিনেতা বিশ্নু বিশাল এবং প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার কন্যা সন্তানের নামকরণে হাজির ছিলেন আমির খান। হায়দরাবাদে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে ছোট্ট মেয়ের নাম রাখলেন স্বয়ং আমির খান। শিশুটির নাম রাখা হয়েছে ‘মীরা’।
২০২৫ সালের ২২ এপ্রিল, নিজেদের বিবাহবার্ষিকীর দিন কন্যা সন্তানের জন্ম দেন বিশ্নু ও জ্বালা। সেই সুখবরের পর কন্যার নাম প্রকাশ করেননি তাঁরা। অবশেষে ৬ জুলাই হায়দরাবাদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়ের নাম দেন আমির।
ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমিরের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নামকরণ অনুষ্ঠান শেষে বিশ্নু বিশাল সোশ্যাল মিডিয়ায় লেখেন,”Introducing our MIRA… A big hug to Aamir Khan sir… MIRA represents unconditional love and peace.
“অন্যদিকে জ্বালাও লেখেন,“This journey would have been impossible without you Aamir!! Thank you for the beautiful and thoughtful name!”
তিনজনের বন্ধুত্ব শুরু ২০২৩ সালের চেন্নাইয়ের ভয়াবহ বন্যার সময় থেকে। বিপদের সেই সময়ে গড়ে ওঠে এক অটুট সম্পর্ক। এরপর ইরা খানের বিয়েতেও আমন্ত্রিত ছিলেন এই তারকা জুটি।আমির খানের এমন আবেগপূর্ণ সংযোগ প্রমাণ করল, তারকা হয়েও তিনি বন্ধুদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকেন।
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পর’ ছবির সাফল্যের মাঝে এমন একটি ব্যক্তিগত মুহূর্ত ঘিরে অনুরাগীদের মধ্যে উৎসাহের ঢেউ।


