এক বছর কেটে গিয়েছে অভয়ার মর্মান্তিক মৃত্যুর। ১ বছর শোকের ভার বুকে নিয়ে শুক্রবার রাত দখলের কর্মসূচিতে উপস্থিত হয়ে সিবিআই ও রাজ্য পুলিশকে একযোগে আক্রমণ করলেন অভয়ার বাবা-মা।
শুক্রবার রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে WBJDF-এর উদ্যোগে মশাল মিছিল বের হয়, যাতে অংশ নেন বহু জুনিয়র চিকিৎসক ও প্রতিবাদী নাগরিক। অভয়ার নৃশংস হত্যার বিচার চেয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পথ। শ্যামবাজার পৌঁছনোর পর অনুষ্ঠিত হয় এক সভা, যেখানে অভয়ার বাবা-মা মঞ্চে উঠে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
অভয়ার বাবা অভিযোগ করেন, “সিবিআই বলছে, চার দিন পরে আমরা মামলা হাতে পেয়েছি, তত দিনে সব প্রমাণ মুছে ফেলা হয়েছিল। কিন্তু ৯৩টি ফরেনসিক রিপোর্ট ওদের কাছে আছে, তাতে অনেক কিছু লুকিয়ে আছে—ওরা সব জানে, তবু চোখ বন্ধ করে আছে। ডিরেক্টর নিজে বলছেন, সঞ্জয় রায় ছাড়া কেউ দোষী নন—এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। এর পেছনে আঁতাত আছে।” তিনি আরও কটাক্ষ করেন, “কলকাতা পুলিশ তৃণমূলের দলদাস ছাড়া কিছু নয়। সিবিআই যে বিক্রি হয়নি, তার গ্যারান্টি আমি দিতে পারব না।”
অভয়ার মা বলেন, “আর জি কর হাসপাতালের ভেতরেই অপরাধীরা লুকিয়ে আছে। চেস্ট মেডিসিন বিভাগের কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। অথচ রাত দখলের মিছিলে তাদের কাউকে দেখা যাচ্ছে না। কেন? চেস্ট মেডিসিন প্রধান সঞ্জীব ঘোষ যদি কিছু না জানতেন, তবে কেন দেহ ময়নাতদন্তে পাঠানো হল? তোতা পাখির মতো সিবিআইকে পড়িয়ে দেওয়া হচ্ছে—সঞ্জয় ছাড়া কেউ নেই—এই কথাই বলা হচ্ছে। কিন্তু আমার মেয়েকে কারা মারল, সেই রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমরা লড়াই ছাড়ব না।”
সভামঞ্চ থেকে অভয়ার মা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।


