SIR বিতর্কে অমর্ত্য সেন! নোবেলজয়ীর নাম জড়াতেই কমিশনের বিরুদ্ধে বীরভূম থেকে বিস্ফোরক অভিষেক

Spread the love

নির্বাচনী তালিকা সংশোধন ঘিরে নতুন করে বিতর্ক। এবার সেই বিতর্কে জড়াল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামও। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকা সংক্রান্ত SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় ফর্মে নাম সংক্রান্ত কিছু অসংগতির অভিযোগ উঠেছে। সেই কারণেই অমর্ত্য সেনের ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বীরভূমে এক জনসভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “যেখানে দেশের গর্ব, নোবেলজয়ী অমর্ত্য সেনও নোটিস পান, সেখানে সাধারণ মানুষের হয়রানির মাত্রা কতটা, তা সহজেই বোঝা যায়।” অভিষেকের অভিযোগ, প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি এই প্রক্রিয়া চালানো হচ্ছে, যার জেরে অহেতুক সমস্যায় পড়ছেন নাগরিকরা।

অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, SIR একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। কারও নাম বা তথ্য নিয়ে অসঙ্গতি ধরা পড়লে নিয়ম মেনেই নোটিস পাঠানো হয়। এতে ব্যক্তিগত মর্যাদা বা পরিচয়ের প্রশ্ন নেই বলেই কমিশন সূত্রের বক্তব্য।

তবে অমর্ত্য সেনের মতো বিশিষ্ট ব্যক্তির নাম জড়ানোয় বিষয়টি যে শুধুই প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ থাকছে না, তা স্পষ্ট। ভোটার তালিকা সংশোধন নিয়ে স্বচ্ছতা ও প্রস্তুতির অভাবের অভিযোগে নতুন করে উত্তাল হচ্ছে রাজ্য রাজনীতি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *