রাহুলকে কটাক্ষ, ২০২৯-এ বিজেপির ‘নিশ্চিত জয়’-এর দাবি অমিত শাহের

Spread the love

২০২৪-এর লোকসভা নির্বাচনের পর থেকেই ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের সুর চড়াতে শুরু করেছে বিজেপি। সেই আবহেই ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে বড়সড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার গুজরাটের আহমেদাবাদে এক জনসভা থেকে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনেও বিজেপিই ফের ক্ষমতায় আসতে চলেছে।

ভাষণের বড় অংশ জুড়ে ছিল কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ। শাহের বক্তব্য, যে দল বারবার জনগণের সিদ্ধান্ত ও আবেগের বিরোধিতা করে, তাদের পরাজয় অনিবার্য। এই সহজ রাজনৈতিক বাস্তবতা রাহুল গান্ধীর পক্ষে বোঝা সম্ভব নয় বলেই কটাক্ষ করেন তিনি।

লোকসভায় সাম্প্রতিক এক বিতর্কের প্রসঙ্গ টেনে শাহ জানান, বিরোধী দলনেতা নাকি তাঁকে প্রশ্ন করেছিলেন—কংগ্রেস কেন বারবার নির্বাচনে হারে। জনসভা থেকে সেই প্রশ্নের জবাবে শাহ বলেন, জনগণের পছন্দের বিরোধিতা করলেই তার ফল ভুগতে হয়। এই সত্য বুঝতে পারলেই কংগ্রেসের পরাজয়ের কারণ স্পষ্ট হয়ে যাবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সামনে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ভবিষ্যৎ উজ্জ্বল নয়। তাঁর কথায়, শুধু রাজ্য নির্বাচন নয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে ফের সরকার গঠন করবে।

বিজেপির সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহ বলেন, দলের নীতির সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশার মিল রয়েছে। তাঁর অভিযোগ, রাম মন্দির, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ৩৭০ ধারা বাতিল, অভিন্ন দেওয়ানি বিধি, তিন তালাক বিরোধী আইন এবং অবৈধ অনুপ্রবেশ রোধের মতো সিদ্ধান্তে কংগ্রেস আপত্তি জানিয়েছে। জনগণের ইচ্ছার বিরোধিতা করলে ভোট পাওয়া যায় না—এই বাস্তবতা বোঝানোর সাধ্য তাঁর নেই বলেই আবারও কটাক্ষ করেন অমিত শাহ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *