সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি ও অঙ্গনওয়ারি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে মঙ্গলবার কলকাতা পুরসভার সামনে কার্যত রাজপথ দখল করলেন অঙ্গনওয়ারি ও আশাকর্মীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল এগোতেই নিউ মার্কেট থানার সামনে দ্বিস্তরীয় ব্যারিকেডে আটকে দেয় পুলিশ। মুহূর্তে শুরু হয় ধাক্কা–ধস্তাধস্তি। উত্তেজনায় ফুটতে থাকে ধর্মতলা চত্বর।
পুলিশি বাধার জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এসএন ব্যানার্জী রোড। শিয়ালদহ–ধর্মতলা ও ধর্মতলা–হাওড়া রুটে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। অফিস টাইমে তীব্র যানজটে নাকাল হন সাধারণ মানুষ, কিন্তু আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন—দাবি মানা না হলে তাঁরা এক ইঞ্চিও সরবেন না।
অঙ্গনওয়ারি ও আশাকর্মীদের অভিযোগ, বছরের পর বছর সরকারে গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে গেলেও তাঁদের এখনও সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হয়নি। অল্প পারিশ্রমিক, অনিয়মিত ভাতা ও অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে পর্যাপ্ত অর্থ না থাকায় কাজ চালানোই কঠিন হয়ে পড়েছে। সেই ক্ষোভই এ দিন পুরসভা অভিযানে বিস্ফোরিত হয়।
বিক্ষোভকারীদের কর্মসূচিতে রাজভবনে ডেপুটেশন ও বিকাশভবন অভিযানও ছিল। কিন্তু পুলিশ জানিয়ে দেয়, মিছিল পুরসভা চত্বরেই শেষ করতে হবে। এই নির্দেশে ক্ষোভ আরও চরমে ওঠে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি—প্রশাসনিক বাধা নয়, রাস্তায় নামাই এখন একমাত্র পথ।
উল্লেখ্য, কিছুদিন আগেই স্বাস্থ্যভবন অভিযানে একই ছবি দেখা গিয়েছিল। সেবার ব্যারিকেড টপকে স্বাস্থ্যভবনের গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন আশাকর্মীরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছিল পুলিশকে। স্বাস্থ্যভবনের পর এবার পুরসভা—বারবার একই সংঘর্ষের ছবি প্রশ্ন তুলে দিচ্ছে প্রশাসনের ভূমিকা ও কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার ওপর।


