বিশ্বজুড়ে খাবারপ্রেমীদের মন জয় করা সেলেব্রিটি শেফ অ্য়ান বুরেল আর নেই। ৫৫ বছর বয়সে নিউ ইয়র্কের ব্রুকলিনে নিজ বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয় ১৭ জুন। নিউ ইয়র্ক সিটির মেডিক্যাল এগ্জামিনারের দফতরের রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত মাত্রায় ডিপেনহাইড্রামিন, সিটিরিজিন, অ্যাম্ফেটামিন এবং অ্যালকোহল গ্রহণের ফলে মৃত্যু হয়েছে অ্যানের। বিষয়টি আত্মহত্যা বলেই চিহ্নিত করা হয়েছে।
অ্য়ান বুরেল আমেরিকান রন্ধনশিল্পে পরিচিত মুখ। তাঁর স্পাইকি চুল, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং অদ্ভুত ভালোবাসায় মাখা রান্নার স্টাইল তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। Iron Chef America এবং Secrets of a Restaurant Chef-এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করলেও Worst Cooks in America-তেই তাঁর আসল উত্থান ঘটে। দীর্ঘদিন এই শো-এর মেন্টর হিসেবে যুক্ত ছিলেন তিনি।
তাঁর শেষ শ্যুটিং ছিল Worst Cooks in America সিজন ২৯-এর জন্য, যেখানে সহ-হোস্ট ছিলেন গাবে বার্তাচিনি। শোটি সম্প্রচারিত হবে ২৮ জুলাই। সহ-হোস্ট গাবে জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় অ্যান প্রাণোচ্ছল ছিলেন এবং আনন্দেই দিন কাটাচ্ছিলেন। তাঁর কথায়, “এই মরসুমটি এখন অ্যানের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।”
উত্তর নিউ ইয়র্কে জন্ম, তারপর CIA-তে (Culinary Institute of America) পড়াশোনা, পরে নিউ ইয়র্ক শহরের নামী রেস্তরাঁয় কাজ। টেলিভিশনের পর্দায় তাঁর উক্তি “brown food tastes good” দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল।
তাঁর এই অকালপ্রয়াণে নড়ে গিয়েছে গোটা রন্ধন জগৎ। সহকর্মী থেকে অনুরাগী, সকলে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর এই চুপিসারে চলে যাওয়া ফের একবার মনোযোগ কেন্দ্রীভূত করছে হোটেল-রেস্তরাঁ শিল্পে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তার দিকে।
অ্য়ান বুরেল ছিলেন সাহসী, উদ্যমী এবং ভীষণ প্রাণবন্ত এক মানুষ। তাঁর স্মৃতি আজও জীবন্ত রয়ে যাবে প্রতিটি রান্নাঘরে, প্রতিটি পদে যেখানে ভালোবাসা মেশানো হয়।


