ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতিতে গতি আনতে বুধবার বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হল। নতুন সভাপতির দায়িত্ব নেওয়া ‘আদি’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে সামনে রেখেই এই কমিটি গঠন করা হয়েছে। রাজ্য কমিটির পাশাপাশি দলের বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও প্রকাশ্যে আনা হয়েছে, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নতুন রাজ্য কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জায়গা পেয়েছেন মোট ১২ জন। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পাশাপাশি রয়েছেন মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়। দলে দীর্ঘদিন ব্রাত্য থাকার অভিযোগ ওঠা রাজু বন্দ্যোপাধ্যায়কেও নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলীয় সমীকরণে নতুন বার্তা দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।
রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র খাঁও এবং জ্যোতির্ময় সিং মাহাতোকে। সম্পাদকের পদে রাখা হয়েছে বিধায়ক শংকর ঘোষকে। বিজেপি নেতৃত্বের দাবি, পুরনো অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের মেলবন্ধন ঘটিয়েই এই কমিটি গড়া হয়েছে, যাতে সংগঠন আরও মজবুত হয়।
একই সঙ্গে বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। এসটি মোর্চার দায়িত্ব পেয়েছেন সাংসদ খগেন মুর্মু। যুব মোর্চার সভাপতি করা হয়েছে ইন্দ্রনীল খাঁকে। মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে ফাল্গুনী পাত্রকে, আর সংখ্যালঘু মোর্চার সভাপতির দায়িত্ব পেয়েছেন আলি হোসেন।
তবে নতুন কমিটিতে জায়গা পাননি প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিধায়ক অশোক দিন্দা-সহ কয়েকজন পরিচিত মুখ। বিজেপি সূত্রে খবর, যাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন, তাঁদের সাংগঠনিক দায়িত্বের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই নীতির ভিত্তিতেই কমিটি গঠন করা হয়েছে।
এসআইআর প্রক্রিয়া শেষ হলেই জাতীয় নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে বলে জল্পনা চলছে। তার আগেই রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। এই আবহে নতুন রাজ্য কমিটি গড়ে ঘর গোছানোর বার্তা দিল বঙ্গ বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই কমিটির মাধ্যমে দলের অন্দরে তৈরি হওয়া ক্ষোভ প্রশমিত করার পাশাপাশি নির্বাচনের আগে ঐক্যের ছবি তুলে ধরতে চাইছে রাজ্য নেতৃত্ব।


