বঙ্গ বিজেপিতে অন্দরের ক্ষোভ, লকেট-ভারতীকে ব্রাত্য রাখার অভিযোগ

Spread the love

বঙ্গ বিজেপির অন্দরে অসন্তোষ ফের প্রকাশ্যে। দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। এমনকি এ নিয়ে দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। সূত্রের খবর, সভামঞ্চে কারা ছিলেন, কারা বক্তব্য রেখেছেন—সব বিস্তারিত জানতে চেয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর। সেই তথ্যও ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজ্য বিজেপির তরফে।

এই পরিস্থিতিতে লকেটকে রাজ্যের কর্মসূচির বাইরে গিয়ে দিল্লিতে সক্রিয় হতে দেখা যাচ্ছে। রাজধানীতে বিজেপি দপ্তরে দিল্লি প্রদেশ সভাপতি বীরেন্দ্র সচদেবার সঙ্গে বৈঠক করেছেন তিনি। আবার দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়েছে। দিল্লিতেই দুর্গাপুজোর দায়িত্ব পেয়েছেন বিজেপির এই সেলিব্রিটি নেত্রী। রাজনৈতিক মহলের প্রশ্ন, রাজ্যে পর্যাপ্ত গুরুত্ব না পেয়ে কি তবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন লকেট?

লকেটের পাশাপাশি ব্রাত্য হয়েছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষও। সম্প্রতি ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, দলের কর্মসূচিতে তাঁকে অদৃশ্য শক্তি সরিয়ে রাখছে।

অন্যদিকে, দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী দ্বিতীয়া কৌরও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। দাবি করেছেন, শারীরিক অক্ষমতার কারণে বড় দায়িত্ব নিতে পারবেন না, তাই সাধারণ কর্মী হিসেবেই কাজ চালিয়ে যাবেন। তবে জেলা নেতাদের একাংশের মতে, জেলা সাধারণ সম্পাদক পদ না পাওয়ার ক্ষোভ থেকেই এই পোস্ট।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *