কর্মসূত্রে বিদেশে গিয়ে প্রতারণার শিকার বাংলার একদল পরিযায়ী শ্রমিক। অভিযোগ, ওমানে গিয়ে অসাধু নিয়োগচক্রের ফাঁদে পড়েছিলেন মুর্শিদাবাদের ১১ জন শ্রমিক। নির্দিষ্ট কাজ বা থাকার জায়গা না পেয়ে তাঁরা এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন।
পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় রাজ্য সরকার। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হয় নবান্ন। বর্তমানে ওই শ্রমিকরা ওমানের ভারতীয় দূতাবাসের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। সেখানে তাঁদের জন্য খাবার ও থাকার সুব্যবস্থা করা হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে শ্রমিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।
তৃণমূল কংগ্রেসের সরকারি ফেসবুক পোস্টে বলা হয়েছে —
“ওমানে কর্মসূত্রে গিয়ে মুর্শিদাবাদের ১১ জন পরিযায়ী শ্রমিক একটি অসাধু নিয়োগ সংস্থার প্রতারণার শিকার হয়েছিলেন। আমাদের জনদরদি মা-মাটি-মানুষের সরকার তাঁদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করেছে। রাজ্যের প্রচেষ্টাতেই তাঁরা বর্তমানে দূতাবাসের হেফাজতে আছেন। আমরা আশা করি বিদেশ মন্ত্রক দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেবে, যাতে তাঁরা পরিবারের কাছে ফিরতে পারেন।”
আগেও এমন ঘটনায় বিদেশে বিপদে পড়া বাংলার শ্রমিকদের উদ্ধার করেছে রাজ্য সরকার ও তৃণমূলের প্রতিনিধি দল। এবারও ওমানের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এগিয়ে এসে মানবিকতার নজির গড়ল।


