শনিবার বিকেল থেকে বেঙ্গালুরু ও তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকে। একনাগাড়ে বৃষ্টির ফলে বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে।
বেঙ্গালুর শহর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত। বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। রাস্তা জলমগ্ন। ফলে একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে বিপদ এড়ানো যায়। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, জল না নামা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
রবিবার সকালেও বেঙ্গালুরু ও তার আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সাথে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া। মৌসম ভবনের পক্ষ থেকে বেলাগাভি, উত্তর কন্নড়, শিবমোগা প্রভৃতি জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় প্রায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
বহু পরিবারকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বাসিন্দাদের দাবি এই সমস্ত এলাকার নিকাশি ব্যবস্থা একেবারেই ভালো নয়। কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোন সুরাহা হয়নি।


