সাধারণ জুতোর ভেতরেই লুকিয়ে ছিল মৃত্যু! আর সেই অদৃশ্য ঘাতকের শিকার হয়ে প্রাণ গেল বেঙ্গালুরুর রঙ্গনাথ লেআউটের বাসিন্দা মঞ্জু প্রকাশের (৪১)।
পরিবার ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় বাইরে রাখা জুতো পায়ে গলিয়েছিলেন তিনি। অজান্তেই জুতোর ভেতরে ছিল বিষাক্ত সাপ। ছোবল মেরেছিল তার বুড়ো আঙুলে। কিন্তু কয়েক বছর আগের এক দুর্ঘটনায় মঞ্জুর পায়ে অনুভূতি হারিয়ে গিয়েছিল। তাই ছোবলের ব্যথা একেবারেই টের পাননি। স্বাভাবিক মতোই ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন।
শনিবার সকালে তাঁর এক বন্ধু বাড়িতে এসে জুতোর ভেতর মৃত সাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে পরিবারকে জানান। তখনই তাঁরা মঞ্জুকে ডাকতে গিয়ে দেখেন—তিনি নিঃশব্দে চিরনিদ্রায় শায়িত।
স্থানীয়রা সন্দেহ করছেন, এটি একপ্রকার মারাত্মক ভাইপার—যাকে এলাকায় ‘মণ্ডলা হাবু’ বলে চেনে সকলে। পুলিশ জানিয়েছে, পায়ের আঙুলে ছোবলের চিহ্ন স্পষ্ট। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত পরিবার ও প্রতিবেশীরা। স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে ভরসাহীন করে চলে গেলেন মঞ্জু।


