বিহারে নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্টে প্রকাশ, রাজ্যে মহিলা ভোটারের অনুপাত আশঙ্কাজনকভাবে কমেছে। বিশেষ পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা গিয়েছে, প্রতি ১০০০ পুরুষ ভোটারের বিপরীতে এখন মাত্র ৮৯২ মহিলা ভোটার। যা গত ১৫ বছরে সবচেয়ে কম অনুপাত।
নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি অভিযান চলেছিল ২৫ জুন থেকে ১ আগস্ট পর্যন্ত। মূল উদ্দেশ্য ছিল, রাজ্যের বাইরে কর্মসূত্রে থাকা বা স্থায়ীভাবে অন্য রাজ্যে বসবাসকারী শ্রমিকদের নাম বাদ দেওয়া। অনুমান করা হয়েছিল এই পদক্ষেপে পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা হ্রাস পাবে এবং মহিলাদের অনুপাত বাড়বে। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো ফল — কমে গেল মহিলা ভোটারের সংখ্যা।
তথ্য অনুযায়ী, বর্তমানে বিহারে মোট ভোটার ৭ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে ৩ কোটি ৯২ লক্ষ পুরুষ, ৩ কোটি ৫০ লক্ষ মহিলা এবং ১৭২৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে, ২০২০ সালে এই অনুপাত ছিল ৮৯৯:১০০০ — অর্থাৎ এবার অন্তত ৭ পয়েন্ট কমেছে।
কমিশনের প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, ৩৮টি জেলার মধ্যে ৩২টির তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ১৫টি জেলাতেই মহিলাদের ভোটার অনুপাত কমেছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা রাজ্যের সামাজিক ও জনমিতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিহারে মহিলা ভোটারদের অংশগ্রহণ দীর্ঘদিন ধরে নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই এই হ্রাস আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।


