ভোট ঘোষণার আগে বিজেপির তৎপরতা, আজ সন্ধ্যায় নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক

Spread the love

বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৎপরতা বাড়িয়েছে বিজেপি। সূত্রের খবর, আগামী সোমবারই সম্ভবত রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থীতালিকা চূড়ান্ত করতে ব্যস্ত গেরুয়া শিবির। সেই কারণেই বৃহস্পতিবার সন্ধ্যায় বসতে চলেছে বিজেপির নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে পারেন বলেও খবর। আগামী শনিবার তাঁর বঙ্গ সফরের কথা রয়েছে। তার আগে এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

গত কয়েকটি নির্বাচনে বাংলায় বিজেপি প্রত্যাশিত ফল করতে পারেনি। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে গেরুয়া শিবির ‘ডু অর ডাই’ ম্যাচ হিসেবেই দেখছে। দলের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীও এক জনসভায় সেই ইঙ্গিত দিয়েছিলেন। তার উপর এবার ভোট হতে চলেছে এসআইআর–পরবর্তী পরিস্থিতিতে, ফলে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন এখনও বেশ দুর্বল। দক্ষ সংগঠকের অভাব যেমন রয়েছে, তেমনই দলীয় অন্তর্কলহও রয়েছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে এসআইআর ইস্যু ভোটবাক্সে বিজেপিকে খুব বেশি সুবিধা দেবে না বলেও অনেকের ধারণা। ফলে নির্বাচনের আগে চাপ বাড়ছে গেরুয়া শিবিরের উপর।

এই পরিস্থিতিতে প্রার্থীতালিকা তৈরির ক্ষেত্রেও বিশেষ সতর্কতা নিচ্ছে দল। সূত্রের খবর, বর্তমানে যাঁরা বিধায়ক রয়েছেন, তাঁদের অধিকাংশকেই আবার টিকিট দেওয়া হতে পারে। পাশাপাশি যাঁরা দক্ষ সংগঠক হিসেবে পরিচিত, তাঁদেরও অগ্রাধিকার দেওয়া হতে পারে। সেই প্রেক্ষিতে দিলীপ ঘোষ টিকিট পান কিনা এবং পেলেও তাঁকে কোন কেন্দ্র থেকে প্রার্থী করা হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।

প্রধানমন্ত্রী মোদি বারবার তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আনার কথা বলেছেন। সেই সূত্রে তরুণ মুখকেও প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে শুধু বিনোদন জগতের গ্ল্যামারের উপর নির্ভর করে প্রার্থী করার পথে হাঁটতে নারাজ বিজেপি। দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত নন, এমন কোনও তারকাকে টিকিট দেওয়া হবে না বলেই সূত্রের দাবি। যদিও চূড়ান্ত ছবি স্পষ্ট হবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *