বাফটা জয়ের পর দেশে ফিরছে ‘বুং’, ৬ মার্চ সারা ভারতে মুক্তি

Spread the love

৭৯তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারের আসরে নতুন ইতিহাস গড়েছে ভারতীয় ছবি ‘বুং’। প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির এই ছবি সেরা ছবির সম্মান অর্জন করে বিশ্ব চলচ্চিত্রমহলে আলোড়ন তুলেছে। একাধিক আলোচিত বিদেশি ছবিকে পিছনে ফেলে এই সাফল্য ভারতীয় চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।

পরিচালনা ও কাহিনি রচনায় রয়েছেন লক্ষ্মীপ্রিয়া দেবী। আন্তর্জাতিক স্বীকৃতির পর এবার দেশের দর্শকদের জন্য আবারও বড়পর্দায় ফিরছে ‘বুং’। আগামী ৬ মার্চ সারা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। নির্মাতারা সামাজিক মাধ্যমে নতুন প্রচারচিত্র প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা করেছেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সীমিত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। ২০২৪ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মুম্বই চলচ্চিত্র উৎসব, ওয়ারশ চলচ্চিত্র উৎসব এবং মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর থেকেই ছবিটি প্রশংসা কুড়িয়ে আসছে। দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছিল ছবির দলকে।

ছবির কাহিনি আবর্তিত হয়েছে অশান্ত মণিপুরের সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রামকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র খুদে বুং। সে তার মাকে একটি চমক দিতে চায়। সেই চমকের লক্ষ্য—হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে এনে পরিবারকে আবার একত্র করা। কিন্তু সীমান্ত অতিক্রমের কঠিন বাস্তবতা তার স্বপ্নে বারবার আঘাত হানে। ছোট্ট ছেলের আবেগ, আশা ও সংগ্রামের এই গল্পই বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় ছুঁয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *