৩০০ কোটি টাকার ঋণের বিনিময়ে ৬৪ কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ও এমডি ছন্দা কোচরকে দোষী সাব্যস্ত করল আপিল ট্রাইব্যুনাল।
অভিযোগ, ছন্দা বেআইনিভাবে ভিডিওকন গ্রুপকে ব্যাঙ্ক ঋণ মঞ্জুর করেছিলেন। পরদিনই ভিডিওকনের পক্ষ থেকে সেই টাকা ঘুরিয়ে পাঠানো হয় তাঁর স্বামী দীপক কোচরের সংস্থা ‘নিউ পাওয়ার রিনিউয়েবলস’-এর অ্যাকাউন্টে।
ট্রাইব্যুনাল একে সরাসরি “ঋণের বিনিময়ে ঘুষ” বলে উল্লেখ করেছে। পাশাপাশি জানানো হয়েছে, ঋণ মঞ্জুরের সময় ছন্দা তাঁর স্বামীর ভিডিওকনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গোপন করেছিলেন। এরফলে ব্যাঙ্কের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে।
এই মামলায় ইডির তরফে ৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্তকেও বৈধ বলে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। তদন্তকারীদের মতে, ছন্দা ও দীপকের আর্থিক লেনদেনের সমস্ত তথ্যপ্রমাণ ইতিমধ্যেই হাতে এসেছে।
২০২২ সালের ডিসেম্বরে সিবিআই এই দম্পতিকে গ্রেপ্তার করলেও, পরে বোম্বে হাই কোর্ট সেই গ্রেপ্তারিকে অবৈধ ঘোষণা করে জামিন দেয়। তবে এবার ট্রাইব্যুনালের রায়ে ছন্দা কোচর আইনিভাবে দোষী সাব্যস্ত হলেন।
দেশের অন্যতম সেরা ব্যাঙ্কিং মুখ ছন্দা কোচর একসময় খুচরো ব্যাঙ্কিংকে নতুন দিশা দেখিয়েছিলেন। তবে নিজের ব্যাঙ্কিং কেরিয়ারের শেষপ্রান্তে এসে দুর্নীতির অভিযোগে তাঁর এই পতন নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


