কলকাতার নিউটাউন হয়ে উঠছে নতুন সিলিকন ভ্যালি। সেখানেই প্রথম ডেটা সেন্টারের উদ্বোধন করল কন্ট্রোলএস ডেটাসেন্টারস লিমিটেড (CtrlS)। ৫.৬ একর জমির উপর তৈরি এই ডেটা সেন্টারের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
কোম্পানির দাবি, বর্তমানে ১৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ডেটা সেন্টার ২০৩০ সালের মধ্যে ৬০ মেগাওয়াট ক্ষমতায় পৌঁছবে। মোট বিনিয়োগ হবে প্রায় ২,২০০ কোটি টাকা এবং তৈরি হবে প্রায় ৪০০-রও বেশি কর্মসংস্থান।
সংস্থার আরও বক্তব্য, ২০৩০ সালের মধ্যে তাদের সমস্ত ডেটা সেন্টারে অচিরাচরিত শক্তি ব্যবহারের ক্ষমতা তৈরি হবে। কারণ ভারতে ডেটা ব্যবহারের চাহিদা দ্রুত বাড়ছে। এর মূল কারণ হল—
ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার
ইউপিআই-এর মাধ্যমে বাড়তি আর্থিক লেনদেন
ই-কমার্সের জনপ্রিয়তা
সোশ্যাল মিডিয়ার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি) ব্যাপক ব্যবহার
ডেটা সেন্টারের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে।
এ দিন কন্ট্রোলএস কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ সরকারের ডেটা সেন্টার নীতিরও প্রশংসা করেছে। এই নীতি অনুযায়ী—
জমির স্ট্যাম্প ডিউটির উপর ১০০% ছাড়
প্রথম পাঁচ বছরের জন্য বিদ্যুতের বিল মকুব
ছাড়পত্রে একজানালা নীতি
ইত্যাদি সুবিধা দেওয়া হচ্ছে। ফলে ডেটা সেন্টার তৈরি করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখন বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে।


