পথকুকুর সরানো নিয়ে দিল্লির আদালতের রায়ের পর থেকেই দেশজুড়ে বিতর্ক। সেই আবহে পথপশুদের পাশে দাঁড়াতে ফের এগিয়ে এলেন অভিনেত্রী ও সমাজকর্মী দেবশ্রী রায়। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা দেবশ্রী রায় ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার, ৫ সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে আয়োজন করা হচ্ছে এক বিশেষ ফান্ড রেইজিং সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘ওদের পাশে আমরা’ নামের এই অনুষ্ঠানে গান গাইবেন রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, সৌমিত্র রায়, সৈকত মিত্র, স্বপন বসু ও অঙ্কিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শতাব্দী রায় ও সব্যসাচী চক্রবর্তী। দেবশ্রী রায় নিজেও মঞ্চে পারফর্ম করবেন বলে জানা গেছে।
অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে পথপশুদের চিকিৎসা, সুরক্ষা ও কল্যাণে। সমালোচনার মুখেও নিরলসভাবে পশুপ্রেমী উদ্যোগ চালিয়ে যাচ্ছেন দেবশ্রী রায়। কাজের মধ্য দিয়েই বারবার জবাব দিয়েছেন তিনি।


