বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ফের তীব্র বিতর্কের আবহ। দেব সাফ জানিয়ে দিয়েছেন—নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানোতেই হবে, আর তার জন্য ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। এই বার্তা সরাসরি পৌঁছেছে ‘ইন্ডাস্ট্রি’ বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর কাছে।
মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওর বৈঠকে উপস্থিত না থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে ‘নিষিদ্ধ’ তালিকায় থাকা শিল্পীদের মধ্যে তাঁর নাম অন্যতম। এই পরিস্থিতি নিয়েই সরব হন দেব। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ শিল্পীদের নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে এবং সেই দায়িত্ব নিয়েছেন প্রসেনজিৎ নিজেই। দেবের কথায়, কাজ না পাওয়াটাও এক ধরনের কষ্ট, আর যারা দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না, তারাই এই যন্ত্রণা সবচেয়ে ভালোভাবে বোঝেন। তাঁর দাবি, তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে যে তিন দিনের মধ্যেই এই ‘ব্যান’ উঠে যেতে পারে।
এই বিতর্কের শিকড় রয়েছে ২০২৫ সালে, যখন ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালক মামলা দায়ের করেন। তার পর থেকেই একাংশের বিরুদ্ধে অলিখিত ‘বয়কট’ চালু হয় বলে অভিযোগ। সেই তালিকায় ছিলেন অনির্বাণও। এমনকি একটি মিউজিক ভিডিওর শুটিং চলাকালীন কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন তিনি।
এদিকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এই বিষয়ে পাল্টা মন্তব্য করে জানান, কলাকুশলীরা গত এক বছর তিন মাস ধরে নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন এবং এই বিষয়টি আগে থেকেই জানা উচিত ছিল। সব মিলিয়ে টলিউডের অন্দরমহলে এখন চাপানউতোর চরমে, আর সবার নজর এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে—তিনি কি সত্যিই ৭২ ঘণ্টার মধ্যে এই জট কাটাতে পারবেন?


