প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন— কবে OTT-তে আসছে রণবীর সিংয়ের বহুচর্চিত ছবি ‘ধুরন্ধর’ পার্ট ১? অ্যাকশন আর গুপ্তচরবৃত্তির মিশেলে তৈরি এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রে। এবার ধীরে ধীরে সামনে আসছে ডিজিটাল রিলিজ সংক্রান্ত তথ্য।
ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ‘ধুরন্ধর’ পার্ট ১-এর ডিজিটাল স্ট্রিমিং রাইটস কিনেছে Netflix। অর্থাৎ প্রেক্ষাগৃহের পর ছবিটি একচেটিয়াভাবে দেখা যাবে এই আন্তর্জাতিক OTT প্ল্যাটফর্মেই। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে নির্দিষ্ট কোনও দিন ঘোষণা করা হয়নি, তবে জোর গুঞ্জন অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারির শেষ দিকে ছবিটি OTT-তে মুক্তি পেতে পারে।
অদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিংকে দেখা যাবে এক ভয়ংকর ও দক্ষ RAW এজেন্টের ভূমিকায়। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই স্পাই-থ্রিলারে আন্তর্জাতিক ষড়যন্ত্র, গোপন অভিযান ও হাই-ভোল্টেজ অ্যাকশনের মেলবন্ধনই মূল আকর্ষণ।
উল্লেখযোগ্য বিষয় হল, ‘ধুরন্ধর’ শুধুমাত্র একটি ছবিতেই শেষ হচ্ছে না। এটি দুই পর্বের গল্প, যার দ্বিতীয় অংশ মুক্তি পাওয়ার কথা প্রেক্ষাগৃহে। ফলে OTT-তে পার্ট ১ দেখার পর দর্শকদের কৌতূহল আরও বাড়বে বলেই মনে করছেন সিনেমা মহল।
সব মিলিয়ে, অফিশিয়াল ঘোষণার অপেক্ষায় থাকলেও, নতুন বছরের শুরুতেই Netflix-এ ‘ধুরন্ধর’ পার্ট ১ মুক্তি পেলে তা যে দর্শকদের মধ্যে বড়সড় আলোড়ন ফেলবে, তা বলাই বাহুল্য।


