দোলের সকালে থমকে শহর, দুপুরের আগে মিলবে না কলকাতা মেট্রো

Spread the love

দোলের সকালে রঙে ভিজবে শহর, কিন্তু থমকে থাকবে পাতালপথ। ৩ মার্চ, মঙ্গলবার দোল উপলক্ষে পরিষেবার সূচিতে বড়সড় পরিবর্তনের কথা জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু, গ্রিন, অরেঞ্জ, পার্পল— কোনও লাইনেই সকালে মিলবে না ট্রেন। সব ক’টি রুটেই পরিষেবা শুরু হবে দুপুর ২টোর পর।

উত্তর-দক্ষিণ শাখা অর্থাৎ ব্লু লাইনে প্রথম ট্রেন ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম— দুই প্রান্ত থেকেই ওই সময়ের পর পরিষেবা মিলবে। দক্ষিণেশ্বর থেকেও শহিদ ক্ষুদিরামমুখী প্রথম ট্রেন ছাড়বে প্রায় একই সময়ে। তবে শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না বলেই জানানো হয়েছে। দোলের দিন ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে মোট ৬০টি ট্রেন চলবে।

গ্রিন লাইনে পরিষেবা শুরু হবে দুপুর ২টোর পর। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী প্রথম ট্রেন পাওয়া যাবে প্রায় দুপুর ৩টেয়। সল্টলেক থেকে হাওড়ামুখী পরিষেবা মিলবে দুপুর ৩টা ০২ মিনিটে। এই লাইনে সাধারণ দিনে ২২৮টি ট্রেন চললেও দোলের দিন আপ-ডাউন মিলিয়ে চলবে মাত্র ৪৫টি।

গত বছর দোলের দিন ব্লু ও গ্রিন লাইনে দুপুরের পর পরিষেবা মিলেছিল, আর অরেঞ্জ ও পার্পল লাইনে ট্রেন চলেনি। তবে এ বছর ছবিটা কিছুটা আলাদা। অরেঞ্জ, পার্পল ও ইয়েলো লাইনেও দুপুর ২টোর পর থেকে ট্রেন চলবে বলে জানানো হয়েছে।

দোলের পরের দিন হোলিতে সূচি বদল হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। যদিও সূত্রের ইঙ্গিত, ওই দিন পরিষেবায় বড় কোনও কাটছাঁটের সম্ভাবনা কম। রঙের উৎসবে মাততে গেলে তাই সকালবেলার যাত্রাপথ ভেবে রাখাই বুদ্ধিমানের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *