নদিয়ার কৃষ্ণনগর মহকুমার চাপড়া থানার বাঙালঝি এলাকায় শনিবার সকালে উদ্ধার হল এক মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতার পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক অস্থিরতার জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি।
শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁর ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে ঢোকে পরিবার। সেখানেই তাঁকে গলায় দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত তাঁকে নেমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, ভোটের প্রস্তুতি এবং দায়িত্ব পালনের অতিরিক্ত চাপেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই মহিলা বিএলও। সময়মতো খাওয়া-দাওয়া, বিশ্রাম—কিছুই ঠিকমতো হচ্ছিল না। সেই চাপে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি তাঁদের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ কি—তা জানতে তদন্তকারীরা কর্মক্ষেত্রে চাপ, পারিবারিক পরিস্থিতি এবং ব্যক্তিগত দিক সবই খতিয়ে দেখছেন।


