প্রখ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, কাঁথা শিল্পী নীলাঞ্জনা ঘোষ শুক্রবার আচমকাই অসুস্থবোধ করায় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেসময়ে বাড়িতে ছিলেন না পরিচালক ও পুত্র ঈশান ঘোষ। নীলাঞ্জনা নিজেই ফোনে তাদের অসুস্থতার খবর জানান। কন্যা আনন্দী ঘোষও খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।
শুক্রবার রাতভর ভেন্টিলেশনে থাকার পর শনিবার ভোররাত নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে নীলাঞ্জনা ঘোষের বয়স হয়েছিল ৭০ বছর। বিকেল পাঁচটার সময় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
নীলাঞ্জনা ঘোষ কাঁথা শিল্পী হিসেবে সমাদৃত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন, “আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকবিহ্বল। তিনি নানা সামাজিক কাজে যুক্ত ছিলেন এবং তাঁর হাতের কাঁথা-শিল্প অসাধারণ। গৌতমদাকে সান্ত্বনা জানাতে আমার ভাষা নেই, তবে তাঁকে মন শান্ত রেখে কাজ চালিয়ে যেতে বলব।”



