ইকো পার্কের কাছে ঘুনি বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাতটার পর আচমকা দাউদাউ করে জ্বলতে শুরু করে ঝুপড়িগুলি। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়দের দাবি, একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা আরও বাড়তে থাকে।
ঘুনি বসতিতে কমপক্ষে ২০০টি ঝুপড়ি রয়েছে। আগুন নজরে আসতেই বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দমকলকে খবর দেওয়া হলে প্রথমে ৪টি এবং পরে আরও ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। দমকল ও প্রশাসনের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।


