দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলিপুর চিড়িয়াখানায় আসছে অ্যামাজনের দৈত্য সবুজ অ্যানাকোন্ডা। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে বিশেষ গ্রিন করিডর ব্যবস্থায় ১,৭২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা রওনা দিয়েছে কলকাতার উদ্দেশে। পথে কোনো সমস্যা না হলে শুক্রবার গভীর রাতেই আলিপুরে পৌঁছবে তারা।
এই বিরল প্রজাতির সাপ আনতে চিড়িয়াখানার এক রেঞ্জ অফিসার ও সাপের কিপার সোমবারই চেন্নাই গিয়েছিলেন। বিনিময়ে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংককে আলিপুর চিড়িয়াখানা দিয়েছে শাঁখামুটি সাপ ও সবুজ ইগুয়ানা। কয়েক বছর ধরেই এই সবুজ অ্যানাকোন্ডা আনার পরিকল্পনা চলছিল, তবে নানা টানাপোড়েনের পর অবশেষে অনুমতি মেলে।
মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকেই এর আগে আনা হয়েছিল হলুদ অ্যানাকোন্ডা। তবে সবুজ অ্যানাকোন্ডা দৈর্ঘ্যে ও আকারে আরও বড়। ভারতের মধ্যে শুধুমাত্র এই ব্যাংকেই রয়েছে অ্যামাজনের এই দৈত্য সাপ। মোট চারটি সবুজ অ্যানাকোন্ডা আলিপুরকে দেওয়া হবে—প্রথম ধাপে আসছে দুটি, পরে বাকি দুটি আনা হবে।
আলিপুরে পৌঁছনোর পর প্রথমে তাদের কোয়ারান্টাইনে রাখা হবে, স্বাস্থ্য ও পরিবেশের সব পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে দর্শকদের জন্য প্রদর্শন করা হবে। শীতকালে চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বেশি হয়, আর কর্তৃপক্ষের আশা—এই শীতে সবুজ অ্যানাকোন্ডাই হবে দর্শকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ।


