বিজেপির তারকা বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযোগ, প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি। এই দাবি সামনে আসতেই বিষয়টি আর শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে গিয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী প্রথম বিয়ে বহাল থাকাকালীন দ্বিতীয় বিয়ে আইনত অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এই আবহে হিরণের প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের মন্তব্যও বিতর্ককে আরও উসকে দেয়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এই বিষয়ে বিজেপির অবস্থান কী। সেই প্রসঙ্গেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্তব্য করেন দলের প্রবীণ নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “কে কাকে বিয়ে করবে বা কীভাবে জীবনযাপন করবে, তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট, হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও বিতর্কে জড়াতে চাইছেন না তিনি।
উল্লেখ্য, খড়্গপুর থেকেই হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা শুরু হয় এবং সেই সময়ে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও রাজনীতির অন্দরমহলে পরিচিত। তাই এই সংবেদনশীল বিষয়ে দিলীপের মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে, হিরণের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ সোশাল মিডিয়ায় কটাক্ষ ও ট্রোল শুরু করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চললেও এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসনি।


