রাজ্য সরকার আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের সম্মানে সরকারি ছুটি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে এই ঘোষণা দেন।
সম্প্রতি ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের সঙ্গে ঘটে যাওয়া হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সরাসরি পথসভায় অংশ নিয়ে প্রতিবাদ করেছেন। পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য রাজ্যে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করা হয়েছে। এর আওতায়, রাজ্যে ফিরে শ্রমিকরা যতদিন কাজের সুযোগ পাচ্ছেন না, ততদিন প্রতি মাসে ৫ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া স্বাস্থ্যসাথীসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও তাঁরা উপভোগ করতে পারবেন।
মুখ্যমন্ত্রী বর্তমানে জলপাইগুড়িতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এদিন তিনি জানান, আলিপুরদুয়ারের লঙ্কাপাড়া চা বাগানের ১,১০৬টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পের বাড়ির কাগজ তুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলায় ১,০৫৩টি এবং আলিপুরদুয়ার জেলায় ২,৯৬৯টি বাড়ি নির্মাণ করা হয়েছে। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পের মাধ্যমে আরও প্রায় ২২ হাজার বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চা বাগান কর্মীদের জন্য ২০ শতাংশ বোনাসও ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, রূপশ্রী সহ অন্যান্য প্রকল্পের সুবিধা ১,৫৫,০০০ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ধর্মীয় পর্যটনকে প্রাধান্য দিয়ে দেবী চৌধুরানি থেকে জল্পেশ মন্দির পর্যন্ত একটি পর্যটন সার্কিট গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


